কক্সবাজারের টেকনাফে সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাসান মিয়া।
তিনি জানান, একই দিন দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী মোহাম্মদ নবী (৪০)-এর পায়ের উরুর ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোহাম্মদ নবী (৪০), পিতা মোহাম্মদ হাসিম; নুরুল আমিন (২৯), পিতা নুরুল আলম; এবং মো. শাহজাহান (৪৫), পিতা আব্দুল মজিদ। এদের মধ্যে নবী রোহিঙ্গা এবং অপর দুইজন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

