সমুদ্রপথে ভয়ানক হয়ে উঠেছে মানবপাচার ও জলদস্যুতা, গডফাদার দেলোয়ার ধরাছোঁয়ার বাইরে
সমুদ্রপথে চোরাচালান, মানবপাচার তুলনামূলক সহজ ও ঝুঁকিমুক্ত; তাই এই পথেই বেড়েছে চোরাচালান ও মানবপাচারের মতো ভয়ানক ঘটনাগুলো। অব্যাহত রয়েছে জলদস্যুতাও। ১২ এপ্রিল (রবিবার) সমুদ্রপথে পাচারের শিকার প্রায় ৯জনকে উদ্ধার করা হয়। সূত্র বলছে- ওই একই ট্রলারে তাদের সাথে ছিলো আরও ৩ শতাধিক নারী পুরুষ ও শিশু। ভাগ্যে তাদের কি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অনুসন্ধান বলছে- সাগরপথে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র মানবপাচার, জলদস্যুতা এবং চোরাচালান অব্যাহত রেখেছে। বিগত সময়ের ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রচ্ছায়ায় গড়ে উঠা সিন্ডিকেট অদ্যবধি বহাল তবিয়তে রয়েছে। কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের আলাউদ্দিনের তিন পুত্র আকতার, দেলোয়ার এবং নুর মুহাম্মদ সমুদ্র অঞ্চলে সংঘটিত প্রায় সব অপরাধ কর্মের সাথে জড়িত। এদের মধ্যে আকতার পলাতক আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।
জানা যায়- আকতারের রয়েছে নিবন্ধনহীন একাধিক ট্রলার, নুর মুহাম্মদের রয়েছে নুসরাত ট্রেডিং নামে একটি জ্বালানী তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান; আকতারের ট্রলার আর নুর মুহাম্মদের জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ব্যবহার করে দেলোয়ার মানবপাচার অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে- মানবপাচার ও সাগরে জলদস্যুতার কাজে ব্যবহৃত ট্রলারগুলোতে নিয়মিত জ্বালানী তেল ও খাদ্যপন্য পৌঁছে দেন দেলোয়ার। আর এই জ্বালানী তেল সরবরাহ করা হয় নুসরাত ট্রেডিং থেকে। যদিও দেলোয়ারের দাবী- তিনি তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। তিনি মানবপাচারের সাথে জড়িত নন।
অভিযোগের বিষয়ে কথা বলতে নুর মুহাম্মদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কল রিসিভ না করে পরবর্তীতে মোবাইল বন্ধ করে দেন। ফলে তার বক্তব্য জানা যায়নি। অন্যদিকে দেলোয়ারের কাছে তার ভাই আকতারের নাম্বার চাইলে তিনি প্রথমে প্রতিবেদকের সাথে দেখা করে কথা বলতে চান। পরবর্তীতে আবার যোগাযোগ করা হলে তিনি দাবী করেন- নুর মুহাম্মদ জ্বালানী তেল বিক্রি বন্ধ করেছে আরও মাস খানেক আগে এবং আকতার তার মালিকানাধীন ট্রলারগুলো মাসখানেক পূর্বে বিক্রি করে দিয়েছেন।
এদিকে খোঁজ নিয়ে আরও জানা যায়- আকতারের মালিকানাধীন ট্রলারগুলো সাগরের চলাচলের অনুমোদন নেই। অন্যদিকে নুর মুহাম্মদের মালিকানাধীন জ্বালানী তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান নুসরাত ট্রেডিংয়েরও বৈধতার কোনো কাগজপত্র নেই।

