সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই।
রোববার (১১ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দুই দফা জানাজা শেষে সোমবার তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট তার স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মৃত্যুবরণ করেন।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

