বিশেষ প্রতিনিধি:
টেকনাফের সেন্টমার্টিন উপকূলসংলগ্ন গভীর সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ।
পরে তাদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
রোববার সকালে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ এপ্রিল ভোরে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ‘এমটি মেঘনা প্রাইড’ নামের একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। একই দিন দুপুরে সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরে থাকা অবস্থায় ৯ জনকে দেখতে পায় জাহাজটির ক্রুরা।
পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জাহাজে তোলা হয়। শনিবার ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছালে কোস্ট গার্ডকে অবহিত করা হয় এবং পরবর্তীতে কোস্ট গার্ডের জাহাজ ‘ক্যাপ্টেন মনসুর আলী’র কাছে উদ্ধারকৃতদের হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃতদের কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা, খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি বা অন্য কোনো কারণে তারা সাগরে ভেসে পড়তে পারেন। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

