ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণে মন্ত্রীকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার এবং বর্তমান সরকারের মেয়াদে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।
পুলিশ সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
দুর্নীতি দমনে রাষ্ট্রদূত একটি শক্তিশালী কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইইউ সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান। মন্ত্রী এ প্রস্তাবের সাথে একমত পোষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

