কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একদিনে সর্বোচ্চ ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ভোররাতে হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালায় ৬৪ বিজিবি। বিশেষ প্রযুক্তির মাধ্যমে চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে টহল জোরদার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে খাকি রঙের ও নীল বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।
এদিকে একই দিন দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
দুটি অভিযানে মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস, যার মোট মূল্য প্রায় ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। বিজিবির দাবি, একদিনে এটি তাদের ইতিহাসে সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা।
বিজিবি অধিনায়ক জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

