কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের আমির হোসেনের ছেলে লুকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই ব্যক্তি মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে বাংলাদেশে ফিরছেন। এমন তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি টহল দল গুইল্লাখালী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, উদ্ধার হওয়া অর্থ সীমান্তপারের অবৈধ পণ্য পাচারের মাধ্যমে অর্জিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। স্থানীয়দের মতে, উখিয়া সীমান্ত দিয়ে বিভিন্ন সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য সামগ্রী পাচারের চেষ্টা হয়। এসব কর্মকাণ্ড বন্ধে সীমান্তে নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

