বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ফুলাঝিড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১১ বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলাঝিড়ি এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। এ সময় একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বহন করা ইয়াবার পাঁচটি কার্টন জঙ্গলের ভেতরে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচটি কার্টন থেকে মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

