কালিমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তৌহিদী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জীবন বীমা মোড়, বিএনপি অফিস এলাকা হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষার্থী আজিজুর রহমান, জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন শিক্ষার্থী।
বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে তারা ফিলিস্তিনের পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে মুসলিম পরিচয় ও ধর্মীয় প্রতীকের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
তাদের দাবি, গত বৃহস্পতিবার রংপুর শহরের বিভিন্ন স্থানে তারা কালিমা লেখা সাদা পতাকা টানিয়েছিলেন। পরে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা সেসব পতাকা সরিয়ে ফেলেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও বেশি সংখ্যক কালিমার পতাকা উত্তোলন করা হবে।
বক্তারা আরও বলেন, সাধারণ মুসলমানদের মধ্যে কালিমার পতাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা হাতে কালিমা লেখা সাদা পতাকা নিয়ে প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
উল্লেখ্য, পতাকা অপসারণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

