কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে পৃথক দুটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অহিদুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে একাধিক সূত্র দাবি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহেরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অহিদুল কবির ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকার বাসিন্দা এবং আলী হোছাইনের ছেলে।
পুলিশের তথ্যমতে, আতাহার ইকবাল দাদুলকে হত্যা চেষ্টা মামলায় (জিআর নং-১৬/২০২৫, তারিখ: ১৪ মে ২০২৫) তিনি ১৪ নম্বর আসামি এবং ইকবাল হোসাইনকে হত্যা চেষ্টা মামলায় (জিআর নং-২৪/২০২৬, তারিখ: ৭ মে ২০২৬) ৮ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অহিদুল কবির দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুর অনুসারী হিসেবে এলাকায় সক্রিয় ছিলেন। এছাড়া মহেশখালীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং আদালতে অভিযোগগুলো এখনো প্রমাণিত হয়নি।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলতান বলেন, “গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জেনেছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট মহেশখালীর মুহুরিঘোনা এলাকায় নৌবাহিনীর এক অভিযানে ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু অস্ত্রসহ গ্রেপ্তার হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া অহিদুল কবির তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

