নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রাজনীতিতে শালীনতা ও শৃঙ্খলা থাকা প্রয়োজন। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে সেই শালীনতা খুঁজে পাওয়া যায় না। তিনি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন বলেও অভিযোগ করেন তিনি।
এ্যানি বলেন, ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান নেতৃত্ব গড়ে উঠেছে। রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্য ও আচরণে দায়িত্বশীলতা থাকা উচিত।
তিনি আরও বলেন, ঝিনাইদহ সফরে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কারা ছিলেন এবং তাদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। একইসঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠনগুলোর অতীত ভূমিকা নিয়েও জাতিকে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আলোচনাসভায় তিনি রাজনৈতিক পরিবেশে শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

