ঢাকা, বৃহস্পতিবার: গত ১৭ বছরে গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে পরিচালিত কথিত ‘তথ্য সন্ত্রাসে’ জড়িত সাংবাদিকদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠন ‘মঞ্চ ২৪’।
বৃহস্পতিবার মধুর ক্যান্টিন-এর সামনে ‘ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন গণমাধ্যম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তারা “সত্য উচ্চারণ ও গণমাধ্যমের বিকৃতি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান” জানাতে সমবেত হয়েছেন। গত ১৭ বছরে গণমাধ্যমে “তথ্য সন্ত্রাস” চালানো হয়েছে বলে অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন—এ বিষয়ে বর্তমান সরকারের পদক্ষেপ কী।
ফাহিম ফারুকীর দাবি, পূর্ববর্তী সময়ে ক্ষমতাসীনদের প্রভাবে একটি “অপ-সাংবাদিকতা সিন্ডিকেট” গড়ে ওঠে, যারা মিথ্যা তথ্য প্রচার, চরিত্রহনন ও বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িত ছিল। এতে গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর থেকে সরে গিয়ে ক্ষমতার হাতিয়ারে পরিণত হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ওই সময়ে ভিন্নমত প্রকাশকারীরা হয়রানি, মামলা, চাকরিচ্যুতি ও হুমকির মুখে পড়েছেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, নতুন সরকার বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করছে কি না—সে বিষয়ে জাতির কাছে স্পষ্টতা থাকা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মঞ্চ ২৪-এর পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যমের ভেতরে এখনও এমন ব্যক্তিরা সক্রিয় রয়েছেন, যারা সুযোগ পেলে আবারও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার অভিযোগও করা হয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফাহিম ফারুকী বলেন, “গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের প্রচারযন্ত্র হতে পারে না। সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য তুলে ধরা। যারা এ দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
সংগঠনটি গণমাধ্যমে ‘তথ্য সন্ত্রাসে’ জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

