কক্সবাজারের টেকনাফে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ) এবং র্যাব-৭, সিপিএসসি (চট্টগ্রাম) এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. নবী হোছন (৫২)। তিনি টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে।
র্যাব জানায়, টেকনাফ মডেল থানা এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন তিনি। ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

