কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতার বিরুদ্ধে মাদক কারবার, চোরাচালান, অপহরণ, প্রভাব বিস্তার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন ক্যাম্পের কয়েকজন বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, নুরুল আমিন নুরু নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্যাম্পে প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ সালিশ, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ রোহিঙ্গাদের হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা দাবি করেন, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ কাজ করে এবং এর মাধ্যমে ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা অভিযোগ করেন, নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করলে ভয়ভীতি, হয়রানি এবং বিভিন্নভাবে চাপের মুখে পড়তে হয়। ফলে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল আমিন নুরু বলেন, “এ বিষয়ে সংবাদ প্রকাশ না করে আমার সঙ্গে সরাসরি কথা বলুন।” তিনি অভিযোগগুলোর বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। ক্যাম্প এলাকায় দায়িত্বরত পুলিশ রয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

