কক্সবাজার সদর থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানা ভবনের একটি বৈদ্যুতিক বোর্ড থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, বৈদ্যুতিক বোর্ডে লুজ কানেকশনের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে থানা পুলিশের দ্রুত পদক্ষেপের ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

