কক্সবাজারে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবন থেকে আশ্রয় পাওয়া দুই শতাধিক শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
“শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য উৎসব।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বাদ আসর অনুষ্ঠিত এ আয়োজনে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণের পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল এবং মেহেদী পরানোর বিশেষ আয়োজন করা হয়।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং লাইফ স্কিল ট্রেইনার ক্যনু মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ঈদুল ফিতরের শিক্ষা তুলে ধরেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে নিবাসী শিশুদের অংশগ্রহণে ইসলামী সংগীত ও নাটিকা পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পরে কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষপর্যায়ে অতিথিরা শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন। দোয়া মাহফিল শেষে ইফতার ও মেহেদী উৎসবের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

