বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সদস্য বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে সাড়ে পাঁচটায় দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরো জানা যায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়, গোলাগুলি চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের ১ সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থল’সহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এই বিষয়ে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকেলে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারনে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে।ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনা নিশ্চিত করে মান্না দে বলেন, এই ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে, আমরা বিস্তারিত পরে জানাবো।

