২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ম্যাচের অন্যতম আলোচিত নাম হয়ে ওঠেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ১১ মিনিট পরই ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর পুরো ম্যাচজুড়ে মাঝমাঠে আধিপত্য বিস্তার করে খেলেন বুয়াদ্দি। তার নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স মরক্কোকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে সমানতালে লড়াই করতে সাহায্য করে।
ম্যাচ-পরবর্তী পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোর হয়ে সবচেয়ে বেশি ৮৭ বার বল স্পর্শ করেন বুয়াদ্দি। এছাড়া ৬০টি সফল পাস ও ৩টি সফল ড্রিবল সম্পন্ন করেন তিনি। পুরো ম্যাচে তার পাসিং, বল নিয়ন্ত্রণ ও খেলার গতি নির্ধারণ করার ক্ষমতা দর্শক ও বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে।
ফরাসি ক্লাব লিলের এই মিডফিল্ডার কয়েক মাস আগেও ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। গত মার্চে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করলেও পারিবারিক সূত্রে মরক্কোর হয়ে খেলার সুযোগ পান তিনি। বিশ্বকাপের ঠিক আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান এবং অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
ম্যাচ শেষে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি সাংবাদিকদের বলেন, “তার বয়স মাত্র ১৮ বছর বলে তাকে খেলানো কোনো ঝুঁকি ছিল না। আমি খেলোয়াড়দের বয়স নয়, পারফরম্যান্স দেখি। সে ভালো খেললে তার বয়স ১৭ হোক বা ৩৫—তাকে খেলানো হবে।”
তিনি আরও বলেন, “বুয়াদ্দিকে একাদশে রাখা কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না। আমরা নিশ্চিত ছিলাম, সে ভালো খেলবে। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। এটি ছিল পরিকল্পিত সিদ্ধান্ত।”
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বুয়াদ্দি। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ম্যাচসেরা খেলোয়াড়ের নাম জানতে চাইলে অধিকাংশ সমর্থক বুয়াদ্দির নাম উল্লেখ করেন। অনেকেই তার শান্ত, পরিণত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সকে ম্যাচের সেরা বলে অভিহিত করেছেন।
এখন মরক্কোর সামনে গ্রুপ ‘সি’-তে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা। এরপর ২৪ জুন হাইতির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে তারা। ব্রাজিলের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা করে নিতে চায় মরক্কো। তরুণ বুয়াদ্দির পারফরম্যান্স সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

